ইছাপুরাকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়: কৃতি সন্তানদের নিয়ে মো: আমির হোসেনের মতবিনিময় ও ভোজন সভা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নকে একটি সুপরিকল্পিত, সুন্দর ও আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক ব্যতিক্রমী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বদা মানবকল্যাণে নিয়োজিত ও সমাজসেবক মো: আমির হোসেনের সার্বিক উদ্যোগে ইছাপুরা ইউনিয়নের কৃতি সন্তানদের নিয়ে এই ভোজন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইছাপুরা ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক ইউনিয়ন গড়ার নানা দিক নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সুধী সমাবেশে অংশ নেন দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ইছাপুরা ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখানের কুসুমপুর গ্রামের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভেষজ বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ টিপু সুলতান, বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধীরন এবং বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার বাবুল বেপারীসহ এলাকার আরও বহু গুণী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
উদ্যোক্তা মো: আমির হোসেন তার বক্তব্যে বলেন, "ইছাপুরা ইউনিয়নকে একটি আধুনিক ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলা আমাদের সকলের স্বপ্ন। আমি সব সময় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। ড. সৈয়দ টিপু সুলতানের মতো এলাকার কৃতি সন্তানদের মেধা, শ্রম ও পরামর্শকে কাজে লাগিয়ে আগামীতে ইছাপুরাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।"
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সম্মানে এক সৌজন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।