সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কালিনগর স্পোর্টিং ক্লাব। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় কালিনগর স্পোর্টিং ক্লাবের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় ক্লাবের শুভ সূচনা ও জার্সি উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানে কালিনগর স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের মেম্বার আল আমিন মুন্সি, ব্যাংকার মো. ওমর ফারুক জুন,মোঃ মাহবুব হাজী, মোঃ দিদার মুন্সি, মো. সোহেল, মো. অলি, সাইদুর রহমান, রাকিব হাসান জিসান, মেহেদি হাসান তকবির, রানা, মেহেদি, আলি ও রনি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মো. শাহিদুল হাসান শাওন। এ সময় ক্লাবের আনুষ্ঠানিক জার্সি উন্মোচন করা হয়। কালিনগর স্পোর্টিং ক্লাবের জার্সির স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে সামাজিক সংগঠন সুপ্রভাত ফাউন্ডেশন।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে কালিনগর স্পোর্টিং ক্লাবের ফুটবল ও ক্রিকেট স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এই ক্লাবের মূল লক্ষ্য।
সভায় মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল সামাজিক ব্যাধিমুক্ত একটি সুন্দর কালিনগর গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ লক্ষ্যে কালিনগর স্পোর্টিং ক্লাবকে একটি আদর্শ ক্রীড়া ও সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাই একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।