গাঁজা দিয়ে রাতের আড্ডা জমাতে গিয়ে চাঁন্দেরচরে খাঁচাবন্দি দুই ‘বুড়ো খোকা’!
মোঃ রুবেল বেপারী, মুক্ত কাগজ প্রতিনিধিঃ
চাঁদের আলোয় টিনের ঘরের পেছনে বসে জম্পেশ আড্ডার প্ল্যান ছিল ষাটোর্ধ্ব দুই মুরুব্বির, কিন্তু বিধি বাম! সিরাজদিখান থানার পুলিশের ‘সারপ্রাইজ এন্ট্রি’তে আড্ডা তো জমলই না, উল্টো ঠাঁই হলো শ্রীঘরে।
গতকাল শনিবার রাতে সিরাজদিখানের চাঁন্দেরচর গ্রামে ঘটে এই কাণ্ড। গ্রামের ওমর আলীর একচালা টিনের ঘরের সামনের কাঁচা রাস্তায় তখন বেশ নীরব পরিবেশ। ৫৫ বছর বয়সী দেলোয়ার দেওয়ান আর ৬২ বছর বয়সী ওমর আলী হয়তো ভেবেছিলেন, এই বয়সে তাদের দিকে আর কার সন্দেহ হবে! আড়াইশো গ্রাম গাঁজার পুঁটলি নিয়ে তারা যখন জমাটি প্রস্তুতির শেষ ধাপে, তখনই দৃশ্যপটে হাজির এসআই রুবেল শিকদারের পুলিশ টিম।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত মাদকবিরোধী এ বিশেষ অভিযানে হাতেনাতে ধরা পড়েন এই দুই বৃদ্ধ। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় দুজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা ঠুকে দেওয়া হয়েছে।
চাঁন্দেরচরের গ্রামবাসীদের এখন একটাই কথা—"বয়স বাড়লেও বাতিক তো কমেনি, শেষে কিনা গাঁজার টানে সোজা হাজতে!"