আসিফ বাঁধন (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনে গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জাহিদুর রহমান।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে জামান টাওয়ারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৬টি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করে গণঅধিকার পরিষদ।
প্রকাশিত তালিকায় মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. জাহিদুর রহমান।
দলের নেতাকর্মীদের ভাষ্যমতে, জাহিদুর রহমান একজন তরুণ, সৎ ও সংগ্রামী রাজনৈতিক কর্মী। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা ও রাজনৈতিক দক্ষতার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন,
“আমরা এমন প্রার্থী দিচ্ছি যারা রাজনীতিকে পেশা নয়, জনগণের সেবার ক্ষেত্র হিসেবে দেখেন। জাহিদুর রহমান একজন পরীক্ষিত নেতা— যিনি আন্দোলনের সময় জনগণের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।”
তিনি আরও জানান, ধাপে ধাপে বাকি আসনগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দলের নির্বাচন ইশতেহারও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে জাহিদুর রহমানের নাম ঘোষণার পর থেকেই জেলার সিরাজদীখান ও শ্রীনগর উপজেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ইতোমধ্যে তাঁরা স্থানীয়ভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন।