নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সফল অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন –
১. মোঃ ইয়াছিন আরাফাত (২৪), পিতা লতিফ মোল্লা, গ্রাম আলাদতপুর, সদর থানা, নড়াইল।
২. মোহাইমিন শেখ (২৭), পিতা হৃদয় শেখ মাতব্বর, গ্রাম কাশিপুর, লোহাগড়া থানা।
৩. মোঃ সাকিব হোসেন (২০), পিতা জাফর মন্ডল, গ্রাম কচুবাড়িয়া, লোহাগড়া থানা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামের রাসেল ব্রিজের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম)-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী এবং এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের দিকনির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।