নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—নড়াগাতি থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে আশিক শেখ (৪০) এবং একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে ওহিদুল ইসলাম শেখ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নড়াগাতী থানাধীন ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামে আশিক শেখের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ প্রশাসন জানায়, নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে পুলিশ বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।