পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে মাঠে মেম্বার পদপ্রার্থী তোফাজ্জল দেওয়ান
সিরাজদিখান প্রতিবেদক:
পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ার প্রত্যয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন মেম্বার পদপ্রার্থী তোফাজ্জল দেওয়ান। এডিস মশার বংশবিস্তার রোধ, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্থানীয় পর্যায়ে এ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষকে স্বাস্থ্যসচেতন করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত বাড়ির আঙিনা, রাস্তাঘাট, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সাংবাদিক ইব্রাহিম সাগর, আবুল হোসেন, মোশারফ, মো. বাতেন মোল্লা, আনোয়ার, প্রদীপ বৈরাগী, প্রদীপ বর্মন, পলাশ বর্মন ও সুরেশ বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকার উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণকেই বোঝায় না। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি এবং মানুষের পাশে দাঁড়ানোও একটি উন্নত সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
স্থানীয়দের প্রত্যাশা, তোফাজ্জল দেওয়ানের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার পরিচ্ছন্নতা রক্ষার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।