বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল
নিজস্ব প্রতিবেদক: বাসাইল ইউনিয়নের (আগলাপাড়া) গোয়াখোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন।
জানা গেছে, সম্প্রতি (আগলাপাড়া) গোয়াখোলা এলাকায় অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো মারাত্মক সংকটে পড়ে। বিষয়টি জানতে পেরে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি নিজস্ব ফান্ড থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা তুলে দেন।
সহায়তা প্রদানকালে মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, "অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে পরিবারগুলো চরম বিপদে পড়েছে। মানুষ মানুষের জন্য—এই মানবিক দায়িত্ববোধ থেকেই আমি তাদের পাশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য ভবিষ্যতেও আমার এই সহযোগিতা ও পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।" একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদেরও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।