মালখানগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামান। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইমরান তালুকদারের সঞ্চালনায় সভায় আগামী অর্থ বছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বিভিন্ন খাত তুলে ধরা হয় এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এবারের বাজেট সভায় ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট ২১ লাখ ৭১ হাজার ৪৬৪ টাকা এবং উন্নয়ন বাজেট ১ কোটি ১০ লাখ ১৪ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উন্মুক্ত এই বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুধীজন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, কাজের স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।