শাহ জালাল পান কবিরাজের ব্যক্তিগত উদ্যোগে ধামালিয়া গ্রামে কবরস্থান ও খেলার মাঠে যাতায়াতের জন্য কাঠের পোল উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের শেষ গ্রাম ধামালিয়ায় দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে মানবিক উদ্যোগ নিয়েছেন মা-বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ জালাল পান কবিরাজ। গ্রামের কবরস্থান ও ঈদগাহ মাঠ এবং খেলাধুলার মাঠে যাতায়াতের সুবিধার্থে তিনি নিজস্ব অর্থায়নে একটি কাঠের পোল নির্মাণ করেন।
গত ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে কাঠের পোলটির শুভ উদ্বোধন করেন শাহ জালাল পান কবিরাজ। বর্তমানে এলাকায় নতুন রাস্তার মেরামত ও উন্নয়ন কাজ চলমান থাকলেও বিকল্প সংযোগ ব্যবস্থা না থাকায় মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এই কাঠের পোল নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
এ বিষয়ে শাহ জালাল পান কবিরাজ বলেন,
“মানুষের কষ্ট কমানোই আমার মূল লক্ষ্য। কবরস্থানে যাতায়াত ও শিশু-কিশোরদের খেলাধুলার সুবিধার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে অনেক সমস্যার সমাধান সম্ভব।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ব্যক্তি উদ্যোগে এমন কাজ সত্যিই প্রশংসনীয়। তারা মনে করেন, এটি মানবিকতা ও সমাজসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য, শাহ জালাল পান কবিরাজ দীর্ঘদিন ধরে মানবকল্যাণ ও মানবসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ইতোমধ্যে বিভিন্ন মসজিদ, মাদরাসা, ওয়াজ মাহফিলসহ নানা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।