শেখর নগর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
বিশ্বজিৎ সরকার, সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় কর্মপন্থা, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং স্থানীয় সমস্যা সমাধানে নেতাকর্মীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মোল্লা। তিনি বলেন, “আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। মানুষের জানমাল ও নিরাপত্তাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। দলের ঐক্য অটুট রেখে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গ্রামে কার্যক্রম জোরদার করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এডভোকেট ওমর ফারুক রাসেল, শেখর নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রমিজ মৃধা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা জোর দিয়ে বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে হবে, সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নিতে হবে এবং দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা।
কর্মীসভায় শেখর নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।