সিরাজদিখানেও এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
নিজস্ব প্রতিবেদক :
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
কর্মসূচির অংশ হিসেবে সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজসহ উপজেলার সব স্কুল ও কলেজে শ্রেণিকক্ষ ফাঁকা রয়েছে। শিক্ষকরা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিচ্ছেন এবং শ্রেণিকক্ষে না গিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে মালখানগর কলেজের গণিত প্রভাষক আশরাফুল আলম বলেন,
> “জনদুর্ভোগ এড়াতে আমরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণিকক্ষে ফিরব।”
শিক্ষকরা আরও জানান, সরকার তাদের দাবির বিষয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে।
এছাড়া, শিক্ষকদের ‘লাঞ্ছিত’ করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেও স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।