সিরাজদিখানের রশুনিয়ায় উন্নয়ন সহায়তা তহবিলে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি নতুন আরসিসি রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রশুনিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি (২য় পর্যায়) খাতের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরের এই প্রকল্পটি ২০২৬-২০২৭ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের 'দানিয়াপাড়া ভুট্টু খানের বাড়ি হতে মসজিদ পর্যন্ত' রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকাকরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট তথ্য বোর্ড অনুযায়ী, ৩২ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি নির্মাণে মোট ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান 'মেসার্স এস সরকার এন্টারপ্রাইজ, সিরাজদিখান'।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু সাইদ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিন হাওলাদার, ওয়ার্ড বিএনপি সভাপতি আলী হোসেন হাওলাদার এবং ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে উল্লেখযোগ্য— ভুট্টু খান, আঃ আজিম খান, জামাল খান, আলম খান, কামাল মেম্বার ও জামাল হাওলাদারসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি আরসিসি করণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে এবং বর্ষা মৌসুমে কাদা-পানির ভোগান্তি থেকে এলাকাবাসী রেহাই পাবেন।