সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও উত্তীর্ণ হয়েছেন মাত্র ৪৬১ জন। পাসের হার ৪৪ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুজন শিক্ষার্থী।
অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৫৮১ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ উপজেলার মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পাস করতে পারেননি।
এদিকে, পুরো মুন্সীগঞ্জ জেলায় এইচএসসি পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। জেলার ছয়টি উপজেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে লৌহজং উপজেলা। সেখানে পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। বিপরীতে সবচেয়ে পিছিয়ে রয়েছে গজারিয়া উপজেলা, যেখানে পাসের হার ৩২ দশমিক ৯৪ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলের তুলনায় সিরাজদিখান উপজেলার পাসের হার জেলার গড় পাসের হারের চেয়েও ৬ দশমিক ৩৮ শতাংশ কম।
সিরাজদিখানে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮১ জনের অনুত্তীর্ণ হওয়া এবং জিপিএ-৫ মাত্র দুজন পাওয়ার বিষয়টি উপজেলার শিক্ষার মান ও শিক্ষার্থীদের ফলাফল নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।