
সিরাজদিখানে এনজিও সমন্বয় সভা ও নির্বাচন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে এনজিও প্রতিনিধিদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশের চাবি আপনার হাতে" এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে এনজিও প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে এবং ভোটার সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আফসানা পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় এনজিওগুলোর মাসিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।