
সিরাজদিখান প্রতিনিধি,
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দশ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক সৎ মামা রাজা মিয়াকে (৪৫) ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনাপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহত কিশোরী ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের ছেলে। তিনি গত প্রায় ৬ বছর ধরে নিহত কিশোরীর পরিবারের সাথেই একই বাড়িতে বসবাস করে আসছিলেন। শনিবার বিকেলে নিজ ঘরের খাটের ওপর ওই কিশোরীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। বিকেল ৪টার দিকে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর লাশ উদ্ধার করে। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করা হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী এবং বালুচর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম জানান, প্রাথমিকভাবে নিহত কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার স্পষ্ট আলামত পাওয়া গেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুততার সাথে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্বজনদের কান্নায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে বর্বরোচিতভাবে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সৎ মামাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।