সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে গাঁজা সেবনের দায়ে আলআমিন (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সাজাপ্রাপ্ত আলআমিন উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া দেওয়ানবাড়ি এলাকার বাসিন্দা।
আজ বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পশ্চিম রাজদিয়া এলাকায় এই অভিযান চালানো হয়।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পশ্চিম রাজদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় আলআমিনকে হাতেনাতে আটক করেন এসআই (সাব-ইন্সপেক্টর)। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী অপরাধ স্বীকার করায় আদালত আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।