স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাপাতির ভয় দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত স্টিলের চাপাতি ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজ কোয়ার্টারের বাসিন্দা সাইদুর রহমানের পুত্র প্রীতম (১৮), পশ্চিম শিয়ালদি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. জিহাদ শেখ (২০), চম্পকদি গ্রামের মৃত মৃদুল শেখের ছেলে ফাহিম শেখ (২০) ও ইছাপুরা গ্রামের ইরাজ মল্লিকের ছেলে জুনায়েদ আহমেদ তামিম (১৯) কে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চাপাতির ভয় দেখিয়ে মোবাইল ছিনতাই ঘটনায় জড়িতর কথা স্বীকার করে। পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে শুক্রবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে,
সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী অয়ন আজাদ চন্দনকে (১৭) ফোন কলের মাধ্যমে গত সোমবার ১৯/০২/২০২৪ তারিখ রাত অনুমান সাড়ে ৮টার দিকে ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনে ডাকিয়া নেয় ১নং আসামি সাইফ রহমান, ২ নং আসামী প্রিতম (১৮)।
অয়ন সেখানে গিয়ে দেখেন সেখানে আরো ৭জন অবস্থান করছে। অয়ন আজাদ চন্দন (১৭) কে নেশা করার মিথ্যা অপবাদ দিয়ে চর থাপ্পর মারে এবং চাপাতির ভয় দেখাইয়া অয়নের ব্যবহৃত কালো রংয়ের আইফোন ১৪ প্রোম্যাক্স, যাহার মূল্য অনুমান এক লক্ষ ত্রিশ হাজার টাকা ছিনাইয়া নেয়।
ওসি মুজাহিদুল ইসলাম বলেন, চাপাতির ভয় দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত চার জনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।