মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টা থেকে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা এ অভিযান পরিচালনা করে সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলায় ৩ জন, অন্যান্য মামলায় ৪ জন এবং মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।