
মোঃ রুবেল বেপারী সিরাজদিখান প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিএম পরিবহন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। শনিবার রাত ৯ টার দিকে সিরাজদিখান- টঙ্গিবাড়ী অভ্যন্তরীণ সড়কে কাজীরবাগ চৌরাস্তা এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। এঘটনায় ৮যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে মধ্যে শাকিল(৩৫), জিতেন্দ্র(৭৫), উজ্জ্বল(৩১), ও মো: হেলাল(৫২) নামের ৪ যাত্রীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে । এদিকে খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম। দুর্ঘটনা কবলিত বাসটির ৩০-৩৫জন যাত্রী ছিলো বলে জানিয়েছে পুলিশ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার উদ্দ্যেশ্যে যাচ্ছিলো ডিএম পরিবহন নামের যাত্রীবাহী বাসটি। রাত ৯ টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীরবাগ চৌরাস্তা এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের উদ্ধার তৎপরতা শুরু করে।
সহকারি পুলিশি সুপার (সিরাজদিখান সার্কেল)মোস্তাফিজুর রহমান রিফাত জানান,
দূর্ঘটনা কবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলো। দুর্ঘটনায় ৮জন আহত হয়েছে, কয়েক জনকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাস টেনে তোলার কাজ চলছে। চালক নিয়ন্ত্রণ হাড়ানোর কারনেই এদুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।