সিরাজদিখানে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট, তিন জনকে জরিমানা
রানা হোসেন সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
আজ শনিবার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সিরাজদিখান উপজেলার রশুনিয়া, কোলা ও ইছাপুরা ইউনিয়নের কাঠপট্টি বাজার, ছাতিয়ানতলী, কোলা ভিলেজ পার্ক, রাজদিয়া ও নোয়াব্দা ব্রিজ এলাকায় অবৈধভাবে ড্রেজার দ্বারা বালি উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোট ৭টি স্পটে বিপুল পরিমাণ ড্রেজারের পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী রুহুল আমিন (৬৫), মির্জা জাহিদ হাসান (৪৭) ও ফারুক (৫২) — এই তিনজনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি, উপস্থিত স্থানীয়দের অবৈধ ড্রেজিং ও অনুমোদনহীন জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন রোধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।