নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ মাল্টি অ্যাক্টরস পার্টনারশিপ (Youth MAP) Group-এর ২০২৬ সালের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১২ অক্টোবর ভোট গণনা শেষে ১৩ অক্টোবর নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সিয়াম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদ আহমেদ বাধন ও রাকিব হাওলাদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন শেখ এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. তাজুল ইসলাম ও নাবিলা সারা। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসাম্মৎ মারিফা আক্তার প্রিয়া এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. শাকিবুল ইসলাম সিফাত।
২০১৭ সাল থেকে সংগঠনটি যুব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ সহায়তা, পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী সচেতনতা, নারী ও শিশুর অধিকার এবং ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ২০২০ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘ স্বেচ্ছাসেবক (UNV) বাংলাদেশ-এর পক্ষ থেকে জাতীয় স্বেচ্ছাসেবক পুরস্কার অর্জন করে। এ ছাড়া ২০২৫ সালে VSO Bangladesh ও UK International Development-এর কাছ থেকেও শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার অর্জন করে সংগঠনটি।
নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তরুণদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশ, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সংগঠনের সঙ্গে অংশীদারত্ব জোরদার করার প্রত্যাশা করা হচ্ছে। নতুন নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি স্থানীয় পর্যায়ে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।