
রামিসাসহ সকল ধর্ষণের বিচার দাবিতে সিরাজদিখানে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় রামিসাসহ সারাদেশে ধর্ষণের শিকার সকল ভিকটিমের অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মৃধা বাড়ি এলাকায় হিলফুল ফুজুল যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মো. কুরবান আলীর সঞ্চালনায় এবং নয়ন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বয়রাগাদি ও ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনাগুলোর দ্রুত বিচার না হওয়ায় এ ধরনের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই প্রয়োজনে আইন সংশোধনের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি র্যালি ও মিছিল বের করা হয়।