
সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু তায়েবা ও তার বাবা গোলাপ হোসেনের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শিশু তায়েবা ও তার বাবা গোলাপ হোসেন হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এলাকায়।
শুক্রবার (৩০ অক্টোবর) শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজী এবং সিরাজদিখান উপজেলা আমীর মো. কবির হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি সব ধরনের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড আর সংঘটিত না হয়।