
সিরাজদিখানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনের মধ্য দিয়ে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিরাজদিখান ইউনিটের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
গণ-গ্রামীণ বীমার সিরাজদিখান ইউনিট শাখার ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-২ জোনের উন্নয়ন ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সিরাজদিখানে দীর্ঘ ৩২ বছর ধরে গ্রাহকদের আস্থা ও নিষ্ঠার সঙ্গে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জীবনযাত্রার মানোন্নয়নে বীমা সেবাকে আরও গতিশীল ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা গ্রামীণ বীমার ম্যানেজার মিজানুর রহমান অরুপ ও সাংবাদিক মো. রুবেল বেপারী।
বিশেষ অতিথির বক্তব্যে মিজানুর রহমান অরুপ বলেন, “বীমা কেবল একটি সঞ্চয় মাধ্যম নয়, এটি প্রতিটি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা কবচ। গ্রাহকদের দ্রুত ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে ডেল্টা লাইফ এই অঞ্চলে আস্থা ধরে রাখতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”
আলোচনা সভায় স্থানীয় কর্মকর্তা, উন্নয়ন কর্মী ও বিশিষ্ট গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন হয়।