
সিরাজদিখানে রেজিস্ট্রি অফিস চত্বরের গাছ কেটে নেওয়ার অভিযোগ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বর থেকে অবৈধভাবে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বিরুদ্ধে। গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) এসব গাছ কেটে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারি অফিসের চত্বর থেকে গাছ কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারি সম্পত্তির অংশ হিসেবে বিবেচিত এসব গাছ কার নির্দেশে বা কী কারণে কাটা হলো এবং এর কোনো প্রশাসনিক অনুমোদন ছিল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
অভিযোগের বিষয়ে জানতে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে সমিতির সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই, সাব-রেজিস্ট্রার ভালো বলতে পারবেন।”
এদিকে সরকারি দপ্তরের চত্বর থেকে দিনে-দুপুরে গাছ কেটে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, সরকারি প্রতিষ্ঠানের জায়গা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া দরকার। গাছ কাটার বৈধতা, অনুমোদন এবং প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।