
সিরাজদিখান বাজার বাইপাস সড়কে নিম্নমানের পিচ ঢালাই: স্থানীয়দের মাঝে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : সদ্য নির্মিত সিরাজদিখান বাজার বাইপাস সড়কে প্রথম দিকে সড়ক উন্নয়নের কাজ যথেষ্ট মানসম্মত হলেও সম্প্রতি সম্পন্ন হওয়া পিচ ঢালাইয়ের কাজ নিয়ে উঠেছে প্রশ্ন। অতি সামান্য চাপেই পিচ সরে গিয়ে নিচের ইট-সুরকি দৃশ্যমান হয়ে পড়ছে, যা নির্মাণ কাজের মান নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে স্থানীয়দের মাঝে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাস সড়কে মোটরসাইকেল পার্ক করার সময় স্ট্যান্ডের সামান্য ওজনেই পিচ উঠে যাচ্ছে। এতে রাস্তায় তৈরি হচ্ছে ছোট গর্ত ও খুঁত, যা অদূর ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।
স্থানীয় এক দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রথম দিকে আমরা খুব খুশি ছিলাম যে বাজারের আশপাশে ভালো রাস্তা হচ্ছে। কিন্তু এখন দেখি, সামান্য চাপেই পিচ উঠে যাচ্ছে। এটা কি উন্নয়ন, না জনগণের টাকার অপচয়?”
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী বা ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সড়ক উন্নয়নের নামে দায়সারা কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সচেতন মহল। সরকারি অর্থে নির্মিত অবকাঠামোতে মান নিশ্চিত না হলে, তা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো ছাড়া আর কিছুই নয়।