
সিরাজদিখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্ডুলিয়া গ্রামের রেল লাইনের পাশে গড়ে উঠেছে একটি অ্যালুমিনিয়াম গলানো কারখানা। স্থানীয়দের কাছে এটি “শিশা গলানো কারখানা” নামে পরিচিত। থাই অ্যালুমিনিয়াম কারখানার বর্জ্য সংগ্রহ করে এখানে অস্বাস্থ্যকর পরিবেশে পুনঃপ্রক্রিয়াজাত করা হচ্ছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটিতে কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শ্রমিকরা কাজ করছেন। ঢালাই মেশিন চালানোর সময় প্রচণ্ড ধুলা ও দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। এতে শ্রমিক থেকে শুরু করে আশপাশের গ্রামবাসীও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, “দিন-রাত ধুলা ও দুর্গন্ধে আমরা শ্বাস নিতে পারি না। বিশেষ করে ছোট শিশুরা এবং বৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়ছে।”
আরেকজন বলেন, “অনেকবার অভিযোগ জানিয়েও সমাধান মেলেনি। এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম বসবাসের অযোগ্য হয়ে যাবে।”
গ্রামবাসীর অভিযোগ, ধুলা ও দুর্গন্ধের কারণে এলাকায় প্রতিদিনই শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথাব্যথা ও অ্যালার্জির মতো সমস্যায় ভুগছেন অনেকে। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার ঘটনাও বাড়ছে।
এ অবস্থায় ভুক্তভোগীরা সিরাজদিখান উপজেলা প্রশাসন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, কারখানাটি দ্রুত বন্ধ করে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দিতে হবে।