
নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) |
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মারপিট ও বসতঘর ভাঙচুরের মামলায় মো. মিলন শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লতব্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন শেখ উপজেলার লতব্দী হাই স্কুল সংলগ্ন এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, লতব্দী এলাকার বাসিন্দা মো. সিজান খানকে (২২) মারপিট এবং তার বসতঘর ভাঙচুর করার অভিযোগে সিরাজদিখান থানায় একটি মামলা রুজু করা হয়। ওই মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. আব্দুল হান্নান জানান, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিক-নির্দেশনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ২৩ এপ্রিল রাত ৮টা থেকে ২৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মামলার এজাহারনামীয় আসামী মিলন শেখকে লতব্দী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, অপরাধ দমনে সিরাজদিখান থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।