
সিরাজদিখান বাজার কাঠপট্টি ব্রিজের নিচে বর্জ্যের ভাগাড়: মরে যাচ্ছে ইছামতীর গুরুত্বপূর্ণ শাখা খাল
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সিরাজদিখান বাজার কাঠপট্টি ব্রিজের তলদেশ এখন ময়লা-আবর্জনা ও বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। বাজারের যাবতীয় পচনশীল ও প্লাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে ইছামতী নদীর এই অতি গুরুত্বপূর্ণ শাখা খালে। ফলে প্রতিনিয়ত দূষিত হয়ে খালটি নাব্যতা হারিয়ে চরম হুমকির মুখে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাখা খালটি ওই এলাকার পানি নিষ্কাশন ও কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবিরপাড়া, চন্দনধূল, তাজপুর, কুসুমপুর এবং হোতারচকসহ আশপাশের কয়েকটি গ্রামের জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি জমিতে সেচ ব্যবস্থার প্রধান মাধ্যম এই খালটি। প্রতিদিন কাঠপট্টি ব্রিজের ওপর ও আশপাশ থেকে বাজারের ময়লা-আবর্জনা ফেলায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, এই খালটি যদি অবিলম্বে বর্জ্যমুক্ত ও পুনর্খনন করা না হয়, তবে বর্ষা মৌসুমে এলাকার কৃষি জমিগুলো যেমন জলাবদ্ধতায় পড়বে, তেমনি শুষ্ক মৌসুমে সেচ সংকটে কৃষিকাজ মারাত্মক ব্যাহত হবে। সিরাজদিখান বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ দ্রুত খালের আবর্জনা অপসারণ এবং খালটি রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোড় দাবি জানিয়েছেন।