
চন্ডিবর্দী আশ্রয়কেন্দ্র এলাকা থেকে গাঁজাসহ সাগর নামের যুবক গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ সাগর (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের চন্ডিবর্দী আশ্রয়কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সাগর ওই গ্রামের মফিজ বেপারী ও জরিনা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে থানা এলাকায় মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এসআই হাসনাইন আহম্মেদ, এএসআই শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স চন্ডিবর্দী আশ্রয়কেন্দ্র সংলগ্ন সাগরের বাড়ীর সামনের কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, মাদক মুক্ত সমাজ গঠনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।