
সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাসির মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর সিদ্দিক আকবর ভোকেশনাল ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাসির মোল্লা রাজানগর ইউনিয়নের নয়ানগর মধ্যহাটি এলাকার হাসমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী শেখের নেতৃত্বে পুলিশের একটি দল রাজানগর সিদ্দিক আকবর ভোকেশনাল ইন্সটিটিউটের ফাঁকা সিঁড়িতে অভিযান চালায়। এ সময় নাসির মোল্লাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাসির মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।