
উপজেলা নির্বাচনকে সামনে রেখে সিরাজদিখানে জাতীয় পার্টির মতবিনিময় সভা
সিরাজদিখান প্রতিনিধি :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সিরাজদিখান উচ্চবিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ হাকিম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর আলী (জাবেদ ওমর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান ঢালী এবং সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মোল্লা।
এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও সাধারণ সম্পাদক ওমর আলী বলেন—
“আমি এই সিরাজদিখানের সন্তান। আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো ছেলে। আমি চাই আপনাদের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে, সুখে-দুঃখে পাশে থাকতে। পাশাপাশি এই সিরাজদিখানকে একটি মাদকমুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মৃদা। তিনি মতবিনিময় সভায় যোগদান করে আগামীর উপজেলা চেয়ারম্যান পদে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক সমাজ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।