
আইবিডব্লিউএফ-এর সিরাজদিখান উপজেলা সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা সহ-সভাপতি নির্বাচিত হলেন আলাউদ্দিন তালুকদার চপল
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর মুন্সিগঞ্জ জেলা সহ-সভাপতি এবং সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক জনাব আলাউদ্দিন তালুকদার চপল।
সংগঠন সূত্রে জানা যায়, গত ১২ মে ২০২৬ তারিখে এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে আইবিডব্লিউএফ-এর মুন্সিগঞ্জ জেলা সহ-সভাপতি এবং পরবর্তী সময়ে গত ১৯ মে ২০২৬ তারিখে সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি জনাব আলাউদ্দিন তালুকদার চপল পেশাগত জীবনে ঢাকার ইসলামপুরের একজন সফল বস্ত্র ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি ‘মাসিক বিক্রমপুর’ পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংক্ষিপ্ত জীবনী ও সামাজিক অবদান
জনাব আলাউদ্দিন তালুকদার চপল ১৯৭২ সালের ১৫ জানুয়ারি সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইছাপুরা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বিক্রমপুর কুঞ্জবিহারী ডিগ্রি কলেজ থেকে অত্যন্ত সুনামের সাথে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) ডিগ্রী লাভ করেন।
শিক্ষা জীবন শেষ করেই তিনি নিজেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত করেন। বিশেষ করে, ১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ এক যুগেরও বেশি সময় তিনি ‘কুসুমপুর চাঁদের হাট’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে অসাধারণ সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রাখেন।
পারিবারিক পরিচিতি
তাঁর পিতা মরহুম জনাব ইদ্রিস আলী তালুকদার ছিলেন অত্র অঞ্চলের একজন প্রখ্যাত পণ্ডিত, শিক্ষানুরাগী ও বরেণ্য ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন সুনামের সাথে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ইছাপুরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জ মাদ্রাসার মজলিসে শুরার সভাপতি হিসেবে এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রসারে অনন্য অবদান রেখে গেছেন।
ব্যক্তিগত জীবনে জনাব আলাউদ্দিন তালুকদার চপল বিবাহিত এবং এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।
এদিকে আলাউদ্দিন তালুকদার চপল আইবিডব্লিউএফ-এর সিরাজদিখান উপজেলা সভাপতি ও জেলা সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর সুদক্ষ নেতৃত্বে সিরাজদিখানে আইবিডব্লিউএফ-এর কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।