মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ হাউসিং কোম্পানির সাইনবোর্ড অপসারণে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি। রবিবার বিকালে পর্যন্ত উপজেলার রশুনিয়া ও বাসাইল ইউনিয়নে অভিযান চালিয়ে এসেন্ড, মাতৃভূমি ও স্বর্ণভূমি নামে বেশ কয়েকটি হাউজিং কম্পানির সাইনবোর্ড অপসারণ করা হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি তৌহিদুল ইসলাম বারি জানান, অভিযান চালিয়ে ব্যক্তিমালিকানাধীন ফসলি জমিতে স্থাপিত অননুমোদিত এবং অবৈধ হাউজিং কোম্পানিগুলোর বিলবোর্ড ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণ এবং কৃষকদের অননুমোদিত এবং অবৈধ হাউজিং কোম্পানিগুলোর কাছে অর্থের বিনিময়ে তাদের ফসলি জমিতে সাইনবোর্ড/বিলবোর্ড ভাড়ায় টানানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়।
এ সময় উপজেলা ভূমি অফিসের কানুনগো কামাল হোসেনসহ রসুনিয়া ও বাসাইল ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।