
বিশেষ প্রতিনিধি,
আজ শনিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জের ইছাপুরা চৌরাস্তায় এলাকায় অনুষ্ঠিত হয় এক শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন।
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সচেতন নাগরিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “যে সময়ে কিন্ডারগার্টেন স্কুলগুলো আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে, ঠিক সেই সময় এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত আমাদের হতবাক করেছে।”
তারা আরও বলেন, “সরকারি বিদ্যালয়ের কিছু অযোগ্য কর্মকর্তার প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ তারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এটি নিছক ভয় ও ঈর্ষা থেকে উৎসারিত একটি পদক্ষেপ।”
মানববন্ধনে বক্তারা সংবিধানের আলোকে শিক্ষা ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার দাবি জানান এবং বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার, সেখানে কোনো বৈষম্যের স্থান নেই। এই সিদ্ধান্ত যদি বাতিল না করা হয়, তাহলে আমরা উচ্চ আদালতের আশ্রয়সহ প্রয়োজনীয় সব আইনি ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করবো।”
এই কর্মসূচির আয়োজনে ছিলেন জসিম উদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ। অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষা সচেতন নাগরিকরা।
শেষে বক্তারা আশা প্রকাশ করেন, সরকার শিক্ষাক্ষেত্রে সমতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেবে এবং কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অধিকার ফিরিয়ে দেবে।