
এনসিপি’র মুন্সীগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব হলেন অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি। গত ২৩ জুন (২০২৬ খ্রি.) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করে (সংযুক্ত ইমেজ 147326.jpg দ্রষ্টব্য)।
কমিটি অনুমোদনের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি মহান আল্লাহর প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করেন। একই সাথে তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ২০২৪-পরবর্তী ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অসহায় ও মজলুম মানুষের পাশে থেকে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হওয়ার অঙ্গীকার করে অ্যাডভোকেট মন্টি বলেন, “ন্যায়ের পথে চলা সকল দল, মত ও পেশার মানুষের কাছে আমি দু’আ ও ভালোবাসা প্রার্থনা করছি। কাজের ক্ষেত্রে যেকোনো ভুলের গঠনমূলক সমালোচনা আমি সাদরে গ্রহণ করব। আসুন, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি।”
এদিকে অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি সদস্যসচিব মনোনীত হওয়ায় মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।