
খাবারের প্রলোভন দেখিয়ে কিশোরীকে অপহরণের চেষ্টা: অটোচালকসহ আটক ২
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে খাবারের প্রলোভন দেখিয়ে আলজিয়া আক্তার মিম (১৪) নামের এক কিশোরীকে অপহরণের চেষ্টাকালে অটোচালকসহ দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার শেখরনগর কালী মন্দির সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকার মাতুয়াইল এলাকার আ. সাত্তারের ছেলে আ. জব্বার (৪৪) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর (শাহবাদ) এলাকার সালাউদ্দিনের ছেলে অটোচালক মুক্তার হোসেন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৪ বছরের কিশোরী মিমকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে বাড়ৈখালীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে শেখরনগর কালী মন্দির রাস্তার সামনে স্থানীয় জনতা তাদের হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে উপস্থিত জনতা আটক দুই ব্যক্তি ও কিশোরীকে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
এ বিষয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আক্কাস জানান, আটক দুজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখে এবং আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।