
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য : ২৯ বছরেও শেষ হয়নি বিচার
নিজস্ব প্রতিবেদক :
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ—যিনি নব্বইয়ের দশকে কোটি দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সেই সময় থেকেই পরিবারের দাবি ছিল—এটি পরিকল্পিত হত্যা।
প্রথম তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও, পরিবারের দায়ের করা মামলায় হত্যার অভিযোগও উত্থাপিত হয়। একাধিকবার তদন্ত, এমনকি কবর থেকেও লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়। তবুও সুস্পষ্ট কোনো ফরেনসিক প্রমাণ কিংবা নিশ্চিত সিদ্ধান্ত আজও প্রকাশ হয়নি।
সময় পেরিয়ে গেছে প্রায় তিন দশক। ২৯ বছর ধরে সালমান শাহর মৃত্যুর বিচার ঝুলে আছে আদালতে। দেশের সবচেয়ে আলোচিত এই নায়কের মৃত্যু ঘিরে এত দীর্ঘ তদন্ত ও বিচার বিলম্ব সাধারণ মানুষের মনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।
বহু আলোচনার পরও কেন এখনো রহস্যের জট কাটল না—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার ভক্তদের হৃদয়ে। চলচ্চিত্রপ্রেমীরা আজও সালমান শাহর মৃত্যুর সঠিক বিচার দাবি করে যাচ্ছেন।