
ডেঙ্গু প্রতিরোধে দানিয়াপাড়ার তরুণদের পরিচ্ছন্নতা অভিযান, পাশে থাকার অঙ্গীকার অ্যাডভোকেট শরীফ খানের
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া বাগানবাড়ি এলাকার একদল তরুণের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাডভোকেট সাগর ও হাসিবুলের নেতৃত্বে এবং অ্যাডভোকেট শরীফ খানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় কুমপার ব্রিজের দুই পাশসহ আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযানে এলাকার রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় পরিবেশ সুন্দর রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় তরুণদের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এ সময় অ্যাডভোকেট শরীফ খান বলেন, “ডেঙ্গু প্রতিরোধ এবং শীতকালকে সামনে রেখে দানিয়াপাড়ার তরুণেরা যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের কল্যাণে তরুণদের এমন ইতিবাচক কর্মকাণ্ডে আমি তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের সঙ্গে থেকে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে চাই।”
অ্যাডভোকেট সাগর বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সব সময় নিজেদের বাড়িঘর, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে চাই। শুধু একটি দিনের জন্য নয়, পরিচ্ছন্নতার এই অভ্যাস সবার মধ্যে গড়ে তুলতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
উদ্যোক্তারা মনে করেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি এলাকার পরিবেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
সচেতনতাই হোক ডেঙ্গু প্রতিরোধের শক্তি, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে এগিয়ে আসুক সবাই।