
সিরাজদিখানে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৩
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় জড়িত মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে সিরাজদিখান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক মামলায় ৩ জন, মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ জন, চুরি মামলায় ২ জন, নিয়মিত মামলায় ৪ জন, রাজনৈতিক মামলায় ১ জন এবং সন্দেহজনক হিসেবে ১ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।