
মোঃ রুবেল বেপারী, নিজস্ব প্রতিবেদক :
সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” বাস্তবায়নে মুন্সীগঞ্জ জেলায় চলছে ২২ দিনব্যাপী কঠোর অভিযান। ০৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, জেলা পুলিশ, নৌ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
আজ (০৮ অক্টোবর) গজারিয়া ও শ্রীনগর উপজেলায় পৃথক অভিযানে মোট ৩৬ কেজি মা ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এছাড়া জেলার সকল উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সচেতন নাগরিককে মা ইলিশ রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে।