
সিরাজদিখানে পিচ ঢালাই রাস্তা নির্মাণে অনিয়ম
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া থেকে ইছাপুরা পর্যন্ত ২৩০০ মিটার চলমান পিচ ঢালাই সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য ঢালাই করা রাস্তার দুই পাশের পাথর (খোয়া) আলগা হয়ে রয়েছে। এছাড়া রাস্তার পিচ এতটাই দুর্বল যে, সামান্য টান দিলেই তা উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার ও যথাযথ নিয়ম না মেনেই কাজ করায় রাস্তার এমন বেহাল অবস্থা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভালো মানের বিটুমিন বা পিচ ব্যবহার না করলে রাস্তার স্থায়িত্ব থাকে না। নিম্নমানের পিচ ব্যবহারের ফলে সামান্য ঘর্ষণেই পিচ উঠে যাচ্ছে। এছাড়া খোয়া ও পিচের সঠিক অনুপাত বজায় না রাখলে রাস্তার সাথে বন্ধন দুর্বল হয়ে পড়ে, যার প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান।
এলাকাবাসী আরও জানান, রাস্তার নিচের বেস বা সাব-বেস সঠিকভাবে কম্প্যাক্ট করা হয়নি। ফলে উপরিভাগ শক্তভাবে বসেনি। একইসাথে পিচ ঢালাইয়ের পর পর্যাপ্ত রোলার কম্প্যাকশন না হওয়ায় রাস্তার স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।
রাস্তা নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম সরকার এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মহসিন হাসান রোহান এর পক্ষে তার বাবা মাহবুব হোসেন রন্টু বলেন, “নির্মাণের পর ২৮ দিন লাগে রাস্তা শক্ত হতে তাই দূর্বল মনে হয়”
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা প্রকৌশলী আছিফ উল্লাহ বলেন, “মুন্সীগঞ্জ থেকে জেলা প্রকৌশী এসেছিল তারা দেখেছে কিছু অনিয়ম পেয়েছিল সেগুলো সমাধান করতে বলেছেন এবং ল্যাব টেস্টের জন্য স্যাম্পল নিয়ে গেছে ঈদের পর রিপোর্ট আসবে”।
এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তার মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরতে পারে।