
সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলার আসামি কোলার রুশি মেম্বার গ্রেফতার
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার জড়িত রওশন আরা ওরফে রুশি মেম্বার (৫৫) নামের এক নারী ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ জুন) থানা এলাকার কোলা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।
গ্রেফতারকৃত রওশন আরা (রুশি মেম্বার) উপজেলার কোলা ইউনিয়নের ছিদ্দিক মোল্লার স্ত্রী । তিনি স্থানীয় কোলা ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) হিসেবে দায়িত্বরত আছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোলা ইউনিয়ন থেকে হত্যা মামলার ওই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন আসামির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।