
সিরাজদিখানে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের রিমান্ড মঞ্জুর
মুন্সীগঞ্জ প্রতিনিধি: গত জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে করা একাধিক মামলায় সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) বিকেলে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আমজাদ হোসেনকে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১ নম্বর আমলি আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক আসিফুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আমজাদ হোসেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহর ছোট ভাই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেল এলাকা থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হয়।
মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আল মুসলিম গ্রুপের পরিচালক শেখ আমজাদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, সিরাজদিখান থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম জানান, গাড়ি ভাঙচুরসহ একাধিক অভিযোগে (মামলা নম্বর-১১/০৪/২৫) তার বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছিল।
মুন্সীগঞ্জ কোর্ট পরিদর্শক কামরুল ইসলাম মিঞাও আমজাদের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলায় ৩ জন দিনমজুর নিহত হন। এই ঘটনায় আমজাদ হোসেনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, আমজাদ হোসেন আওয়ামী লীগ জমানায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেন। তারা আরও দাবি করেন যে, তিনি আগুন-সন্ত্রাস, গোপন মিছিল ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
বিএনপি নেতাদের ভাষ্য, ৫ আগস্টের ঘটনার পর আমজাদ হোসেন তার ভাই বিএনপি নেতা শেখ মো. আব্দুল্লাহর আশ্রয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর সিরাজদিখান এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলেও তারা মন্তব্য করেন।