
সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোঃ রুবেল বেপারী, সিরাজদিখান, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তুহিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের রফিক মুন্সির বাড়ির নীল গেটের সামনে কাঁচা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রিপন খন্দকার ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় তুহিন মিয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ তুহিন মিয়া মোল্লাকান্দি গ্রামের মৃত ছবির মোল্লার ছেলে। তাঁর মায়ের নাম শাহনাজ বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজদিখান থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।