
বিক্রমপুরে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে ফুটবল ট্রেনিং একাডেমি উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সেবামূলক সামাজিক সংগঠন মা বাবার দোয়া ফাউন্ডেশন-এর উদ্যোগে বিক্রমপুরে যাত্রা শুরু করেছে বিক্রমপুর ফুটবল ট্রেনিং একাডেমি। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবিরাজ শাহ জালাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
যুব সমাজকে মাদকাসক্তি থেকে বিরত রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ৩০ জন খেলোয়াড়কে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য একজন কোচকে মাসিক বেতনে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া খেলোয়াড়দের জন্য ৩০ সেট জার্সি ও ৫টি ফুটবল নিজ উদ্যোগে প্রদান করেন শাহ জালাল পান কবিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “যুব সমাজকে সুস্থ ও সঠিক পথে পরিচালিত করার জন্য খেলাধুলার বিকল্প নেই। আমাদের একাডেমি থেকেই একদিন জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মা বাবার দোয়া ফাউন্ডেশন সর্বদা সমাজের কল্যাণে কাজ করবে।”
তিনি আরও জানান, একাডেমির খেলোয়াড়দের প্রশিক্ষণের যাবতীয় খরচ প্রতি মাসেই ফাউন্ডেশন বহন করবে।