
স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি মাদ্রাসার ছয় তলার ছাদে মানতের গরু জবাই করে মাংস কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) জেলার শ্রীনগর উপজেলার সোন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী জাকির হোসেনের ছেলে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ওমর বিন খাত্তাব (রা.) মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের জামাল হোসেন ভুলু (৪০) মানত হিসেবে মাদ্রাসায় একটি গরু দান করেন। বুধবার রাতে গরুটি মাদ্রাসার ছয় তলায় নিয়ে জবাই করে মাংস কাটার সময় মাদ্রাসার টানা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। পরে তাকে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্বজনরা মরদেহ নিয়ে শ্রীনগর উপজেলার সোন্দারদিয়া গ্রামের নিজ বাড়িতে চলে যান। এ সময় নিহত ছাত্রের পরিবার মাদ্রাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহকে (২৫) মারধর করে সোন্দারদিয়া গ্রামে আটকে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে সিরাজদিখান থানায় সোপর্দ করে।
সিরাজদিখান থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন আটক আছেন, তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।