
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার। তিনি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং উপস্থিত সবাইকে নারী উন্নয়ন ও সচেতনতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী।
আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশনারা ফেরদৌস প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এবং উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহিনা আক্তার বলেন, “নারী উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মা, বোনেরা পরিবারের সুখ ও শান্তির জন্য প্রতিনিয়ত পরিশ্রম করেন। তাঁদের ক্ষমতায়ন ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।”
তিনি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতার উপর জোর দিয়ে বলেন, “বয়সন্ধিকালে ছেলেমেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এজন্য মা-বাবাকে সবসময় সজাগ থাকতে হবে। পিতামাতা সচেতন হলে সন্তানরাও সঠিক পথে থাকবে।”
তিনি আরও বলেন, “সংসার সুখী হলে সমাজ সুখী হবে, আর সমাজ সুখী হলে রাষ্ট্রও শান্তিতে থাকবে। নারীকে সঠিক সম্মান ও স্বাধীনতা দিতে হবে। সংসারে বৈষম্য চলবে না।”
অনুষ্ঠানটি নারী অধিকার, সমাজ উন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে এক ইতিবাচক বার্তা দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।