আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় ভ্রাতৃত্ববোধের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সিরাজদিখান থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিরাজদিখান থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম। এছাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। সকলের আন্তরিক সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এবছর মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় মোট ৩৫৭টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু সিরাজদিখান উপজেলায় ১৩২টি মন্দিরে পূজা হবে—যা জেলার মধ্যে সর্বাধিক।
সবাইকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপন হোক, এটাই সবার প্রত্যাশা।